রাঙামাটিতে এইচএসসিতে পাসের হার ৩৩.২৪ শতাংশ, শীর্ষে লেকার্স

ছবি: আগামীর সময়
এইচএসসি ও সমমানের পরীক্ষায় রাঙামাটি জেলায় পাসের হার ৩৩.২৪ শতাংশ। জেলাজুড়ে ফলাফলে চরম বিপর্যয় দেখা গেলেও শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বরাবরের মতোই শীর্ষে রয়েছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ।
আজ শনিবার সকালে সারা দেশে একযোগে ফলাফল প্রকাশের পর দুপুর থেকে জেলার বিভিন্ন কলেজ প্রাঙ্গণে সমবেত হতে শুরু করে শিক্ষার্থীরা।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এবার মোট ২০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ১৭৪ জন, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন। প্রতিষ্ঠানটিতে পাসের হার ৮৪.৮৮ শতাংশ।
সারা দেশের সার্বিক পরিস্থিতির তুলনায় প্রতিষ্ঠানের ফলাফল সন্তোষজনক হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ফলাফল জানার পর আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা; শিক্ষকরাও তাদের মিষ্টি খাইয়ে অভিনন্দন জানান।
ভালো ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানায়, বাবা-মায়ের পাশাপাশি শিক্ষকদের কঠোর পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনার কারণেই তারা এ সাফল্য অর্জন করতে পেরেছে।
তবে সামগ্রিকভাবে জেলায় ফলাফল বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে। শিক্ষক ও শিক্ষা-সংশ্লিষ্টদের মতে, গত কয়েক বছরের তুলনায় এবার রাঙামাটির সার্বিক ফলাফল বেশ হতাশাজনক। জেলায় কিছু প্রতিষ্ঠানের ফল অত্যন্ত নাজুক; এর মধ্যে সৃজনী ট্রাস্ট স্কুল এন্ড কলেজ থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।




