দুমকিতে বিএনপির অফিস ভাঙচুর মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম কামাল ফরাজি
পটুয়াখালীর দুমকিতে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও মারামারির মামলায় সাইফুল ইসলাম কামাল ফরাজি নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম কামাল ফরাজি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তিনি একই ওয়ার্ডের দুবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য। তার বাড়ি ইউনিয়নের জলিশা গ্রামে।
এসব তথ্য নিশ্চিত করেছেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন।
তিনি জানিয়েছেন, বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও মারামারির ঘটনায় করা মামলার তদন্তের অংশ হিসেবে দুমকি থানার এসআই তাওহীদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কদমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেপ্তার করে। পরে তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।




