সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার

গ্রাফিকস: আগামীর সময়
সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় অপূর্ব (৩০) নামের এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে দুর্গাপুরের মধ্যবাজারের সিনেমা হল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অপূর্ব দুর্গাপুর পৌরসভার উকিলপাড়া এলাকার মো. শমশেরের ছেলে। তিনি পেশায় ইলেকট্রনিক যন্ত্রপাতির মেকানিক।
এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তিলনজিয়া এলাকায় আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। হামলাকারীরা পরে পালিয়ে যায়।
পুলিশ জানায়, আলিফ ফকিরকে হত্যার উদ্দেশ্যে অপূর্বসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় আলিফ ফকিরের মতো দেখতে এক পুলিশ সদস্যকে তারা ভুল করে কুপিয়ে হত্যা করেন। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি অপূর্ব।
আলিফ ফকির হত্যায় অপূর্বর জড়িত থাকার সন্দেহে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, আলিফ ফকিরকে হত্যার উদ্দেশ্যে চালানো হামলায় এক পুলিশ সদস্যকে হত্যার মামলার আসামি অপূর্ব। সাংবাদিক আলিফ ফকির হত্যায় জড়িত থাকার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।




