৫ আগস্টের পর অনেক দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা পালিয়েছেন: বিমানমন্ত্রী

জামালপুরের দেওয়ানগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নসংক্রান্ত মতবিনিময় সভায় বিমানমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত
পাঁচ আগস্টের পর বিভিন্ন দপ্তরের দুর্নীতিবাজ ও অন্যায় কাজে জড়িত কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়েছেন বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
তিনি বলেছেন, ‘সচিবালয়েও অন্যায়ের সঙ্গে জড়িত অনেকে চাকরি ছেড়ে পালিয়েছেন। তাই জনবল সংকট তৈরি হয়েছে। এতে সরকারি কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে।’
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জে কনফারেন্স রুমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নসংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গে পর্যটনমন্ত্রী বললেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে নতুন নতুন প্লান্ট স্থাপন করেছে, শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার জন্য। তারা এসব প্লান্ট স্থাপন করলেও বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। ফলে তাদের সেসব অপকর্মের ফল আমাদের ভোগ করতে হচ্ছে।’
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও নতুন করে কোনো বিদ্যুৎ উৎপাদন করেনি। এখন বিদ্যুৎ উৎপাদন বাড়াতে এক থেকে দেড় বছর সময় লাগবে। ইচ্ছা করলেই হুট করে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব নয়।’ এ বিষয়ে জনসাধারণকে বোঝাতে তিনি কর্মকর্তাদের ও নেতাকর্মীদের নির্দেশ দেন।
দেওয়ানগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘এই উপজেলায় অনেক উন্নয়ন হবে, কোনো কাজ বাদ থাকবে না। এজন্য সবাইকে সময় দিতে হবে।
তিনি মাদকমুক্ত দেওয়ানগঞ্জ উপজেলা গড়ে তোলার আহ্বান জানিয়ে বলছিলেন, ‘দেওয়ানগঞ্জ হবে দেশের প্রথম মাদকমুক্ত উপজেলা।’
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মাহাবুবুল হাসান, সিনিয়র সহসভাপতি বাবু শ্যামল চন্দ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, বিএনপি নেতা কৃষিবিদ মুনির, কৃষি কর্মকর্তা রতন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খবির উদ্দিন খান এবং পল্লী বিদ্যুতের ডিজিএম আরিফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।





