রংপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, চালক আহত

গ্রাফিকস: আগামীর সময়
রংপুরের তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মিজানুর রহমান (৩৬) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক রেজাউল করিম (৪৫) গুরুতর আহত হয়েছেন। তিনি হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের প্রামাণিকপাড়া মোড়ের ঘটনা এটি।
স্থানীয় সূত্র জানায়, রেজাউল করিম হাতিবান্ধা হাটসংলগ্ন স্বাস্থ্যকেন্দ্র থেকে মোটরসাইকেলে করে ডাঙ্গীরহাটের দিকে যাচ্ছিলেন। পথে প্রামাণিকপাড়া মোড়ে সড়ক পারাপারের সময় মিজানুর রহমানকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে দুজনই গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মিজানুর রহমানের মৃত্যু হয়। আহত রেজাউল করিম ওই হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত মিজানুর রহমান হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে।
তারাগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন বলেন, ‘এ বিষয়ে এখনো আমরা কোনো খবর পাইনি।’



