জাতির দুর্দিনে ভ্যানগার্ড বাহিনী নিয়ে আবির্ভূত হয় বিএনপি: জালাল মোহাম্মদ গাউস

কিশোরগঞ্জের করিমগঞ্জ সরকারি কলেজ মাঠে ‘আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে’ সমাবেশে বক্তব্য দিচ্ছেন জালাল মোহাম্মদ গাউস
জনগণের প্রত্যাশা পূরণে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস।
তিনি বলেছেন, ‘জাতির দুর্দিনে যখনই দেশের আকাশে দুর্যোগের ঘনঘটা সৃষ্টি হয়েছে, তখনই ভ্যানগার্ড বাহিনী নিয়ে আবির্ভূত হয়েছে বিএনপি। জনগণের ম্যান্ডেট নিয়ে দলটি আজ ক্ষমতাসীন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’
আজ বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জের করিমগঞ্জ সরকারি কলেজ মাঠে দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশে জালাল মোহাম্মদ গাউস বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি দেশের প্রতিকূল পরিস্থিতিতে অবিচল থেকে নেতৃত্ব দিয়েছে। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনে অদম্য সাহসিকতার পরিচয় দিয়েছেন। সব বাধা অতিক্রম করে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। তাদের আদর্শের উত্তরসূরি হিসেবে বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন।’
তিনি আরও বলেন, ‘তারেক রহমান প্রবাসে অবস্থান করেও ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগে যেভাবে দেশকে সংগঠিত করেছেন, তা সবার জানা। করিমগঞ্জে গত ১২ বছর ধরে আন্দোলন-সংগ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ২০২৬ সালের নির্বাচনে ড. এম ওসমান ফারুককে বিজয়ী করা সম্ভব হয়েছিল। এর মধ্য দিয়ে করিমগঞ্জের আসনে বিএনপির অবস্থান সুসংহত হয়। তবে অসুস্থতার কারণে ড. ফারুক পদত্যাগ করেছেন।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে জালাল মোহাম্মদ গাউস বলেন, ‘একটি প্রতিবেশী রাষ্ট্রে অবস্থান করে স্বৈরাচারী মহল ষড়যন্ত্র করছে। দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। থানা ও সরকারি প্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটছে।’
গোপালগঞ্জের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘৫ আগস্টের পর রাষ্ট্রীয় কাঠামো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনর্গঠনের প্রচেষ্টা চলার মধ্যেই সেখানে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। গোপালগঞ্জে থানা ও হাসপাতালসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও পুলিশ গুলি চালায়নি। অথচ অতীতে বিএনপির আন্দোলন-সংগ্রামের সময় পুলিশ নির্বিচারে গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। বিএনপি জনগণের রাজনীতি করে। জনগণকে সঙ্গে নিয়েই সব ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসের মোকাবিলা করা হবে।’




