কর্ণফুলী নদীতে ট্রলার ডুবি, হাতিয়ার দুই জেলে নিখোঁজ
নোয়াখালী প্রতিনিধি

সংগৃহীত ছবি
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি মাছ ধরার ট্রলার ডুবে গিয়ে দুই জেলে নিখোঁজ হয়েছেন।
ট্রলারে থাকা কামাল উদ্দিন নামে অপর এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার ভোর ৪টার দিকে চট্টগ্রামের আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ জেলেরা হলেন, নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের মো. মোস্তফার ছেলে মিরাজ উদ্দিন (৩২) এবং একই উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শরীফ উদ্দিন (৩৪)।
স্থানীয়রা জানান, পাঁচ দিন আগে মাছ ধরার একটি বোট কিনতে চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় যান ওই জেলেরা। বোটটি কেনার পর রাতে তারা সেটি নিয়ে হাতিয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। পথে আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নদীর স্রোতে বোটটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। একপর্যায়ে পেছনে থাকা একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে বোটটি ডুবে যায়। দুর্ঘটনার পর কামাল জাহাজের শিকল ধরে ঝুলে থাকেন। পরে জাহাজের লোকজন তাকে উদ্ধার করেন। তবে ট্রলারে থাকা অপর দুই জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
হাতিয়ার নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা জানিয়েছেন, চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এ ঘটনা ঘটেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।




