হাতিয়া
যুবদল নেতাকে ‘গায়েবি চুরি’ মামলায় ফাঁসানোর অভিযোগ

গ্রেপ্তার হানিফ
নোয়াখালীর হাতিয়ায় নিয়মিত মামলায় আটক করা হয় হানিফ নামে এক যুবদল নেতাকে। পরে তাকে আরো তিনটি চুরির মামলায় জড়ানো হয়। এসব মামলায় তিনি এজাহারভুক্ত আসামি না হলেও গ্রেপ্তার দেখানোর কারণে উদ্বিগ্ন তার পরিবার।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে গ্রেপ্তার হানিফকে হাতিয়ার আদালত হাজতে পাঠানো হয়।
এর আগে বুধবার রাতে উপজেলার তমরোদ্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাটাখালীর দক্ষিণ পাশ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হানিফ উদ্দিন তমরদ্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আঠারোবেকি গ্রামের হাছান বেপারীর ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক।
জানা যায়, একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। থানায় আনার পর ২০২৫ সালে ও ২০২৬ সালের তিনটি চুরির মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই দুই মামলা তিনি এজহারভুক্ত আসামি ছিলেন না।
এ বিষয়ে তার স্ত্রী রিক্তা বেগম জানান, রাজনৈতিক একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করে পুলিশ। কিন্তু থানায় নিয়ে যাওয়ার পর তিনটি মিথ্যা চুরির মামলায় তাকে জড়ানো হয়। যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।
হাতিয়া থানার ওসি মোহাম্মদ কবির হোসেন বলেন, হানিফ উদ্দিন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে হাতিয়া থানায় ১৯টি মামলা হয়েছে। মামলাগুলো যাচাই-বাছাই করে দেখতে হবে তিনি কয়টিতে জামিনে আছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।







