কাঠালিয়ায় অবৈধ ইটভাটা ও চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

কাঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা
ঝালকাঠির কাঠালিয়ায় এমবিএফ মনিরা ব্রিক ফিল্ডের ১২০ ফুট উচ্চতার অবৈধ চিমনি ও চুল্লি ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার দুপুরে বড় কাঠালিয়া এলাকায় এক্সকাভেটর দিয়ে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং আইন অমান্য করে ইট প্রস্তুত করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন কাঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, ঝালকাঠি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা এবং বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল মাহমুদ।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা জানান, এমবিএফ মনিরা ব্রিক ফিল্ডের অবৈধ ১২০ ফুট চিমনি ধ্বংস করা হয়েছে। এগুলো সম্পূর্ণ অবৈধ। পরিবেশদূষণ রোধে পর্যায়ক্রমে কাঠালিয়ায় ১২০ ফুট উচ্চতার যতগুলো অবৈধ ইটভাটার চিমনি রয়েছে, সব কটিতেই অভিযান চালানো হবে।
এদিকে তিন দশকেরও বেশি সময় ধরে চালু থাকা ইটভাটাটি উচ্ছেদ করায় স্থানীয় বাসিন্দাদের একাংশ ও শ্রমিকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এলাকাবাসীর দাবি, প্রায় ৩০ থেকে ৩২ বছর ধরে চালু থাকা ইটভাটাটি বড় কাঠালিয়া অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি শতাধিক পরিবারের জীবিকার প্রধান উৎস ছিল।
স্থানীয়দের প্রশ্ন, দীর্ঘ তিন থেকে চার দশক ধরে ইটভাটাটি পরিচালিত হলেও পরিবেশ অধিদপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এতদিন কী ভূমিকা পালন করেছে? হঠাৎ করে কর্মসংস্থানের প্রধান মাধ্যমটি ধ্বংস করায় বহু শ্রমজীবী মানুষ অনিশ্চয়তার মুখে পড়েছেন।



