লক্ষ্মীপুরে ১০ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র

নিখোঁজ মাদ্রাসাছাত্র শরীফ। সংগৃহীত ছবি
লক্ষ্মীপুরের কমলনগরে মো. শরীফ নামে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় থানায় জিডি করেছেন তার মা মোফাশেরা বেগম।
শরীফের বাড়ি উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরবসু গ্রামে। সে স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ও রিকশাচালক করিম চৌধুরীর ছেলে।
আজ শনিবার দুপুর পর্যন্ত শরীফের সন্ধান পাওয়া যায়নি।
গত ১৭ জুন সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি শরীফ।
নিখোঁজ শরীফের মা মোফাশেরা কান্নাজড়িত কণ্ঠে বলেছেন, ‘১৭ জুন ভোরে শরীফ নামাজ পড়তে ঘুম থেকে ওঠে। পরে তাকে ২০ টাকা দিলে সে বিস্কুট কিনে খায়। এরপর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সে। নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় খোঁজ করেও পাইনি তাকে। কোনো আত্মীয়স্বজনদের বাড়িতেও সে যায়নি।
শরীফের ভগ্নিপতি মঈন উদ্দিন বললেন, ‘১০ দিন ধরে শরীফকে কোথাও খুঁজে পাচ্ছি না। কোথাও তাকে দেখলে কমলনগর থানায় যোগাযোগ করার অনুরোধ করছি। ছেলের জন্য আমার শাশুড়ি অনবরত কান্না করছেন।’
কমলনগর থানার এসআই কাউছার আহমেদের ভাষ্য, শরীফের সন্ধান পেতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
কেউ তার খোঁজ পেলে কমলনগর থানায় যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।





