মেহেরপুরে ২৫ গরু কোরবানির গোশত বিতরণ করল সংস্থা

মেহেরপুরের গাংনীতে তুরস্কভিত্তিক সংগঠন দিয়ানেত ফাউন্ডেশনের উদ্যোগে ২৫টি গরু কোরবানি দিয়ে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে মাংস বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার নামাজের পর গাংনী পৌরসভার কাঁচাবাজার এলাকায় এ কোরবানির কার্যক্রম শুরু হয়। সকাল ৯টা থেকে পশু জবাই ও মাংস প্রস্তুত কার্যক্রম চলে।
সংগঠনটির তুরস্ক প্রতিনিধি ফাতিহ সিমসেক স্থানীয় কসাইদের সহযোগিতায় কোরবানির কার্যক্রমে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অপারেশন কো-অর্ডিনেটর আসাদুল্লাহ আল গালিব।
আয়োজকরা জানান, গাংনীর কৃতিসন্তান অ্যাডভোকেট সাকিল আহমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সংগঠনটি এ উদ্যোগ গ্রহণ করে। পরে ২৫টি গরু কোরবানির জন্য প্রস্তুত করা হয়।
আসাদুল্লাহ আল গালিব বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর এ ফাউন্ডেশনের উদ্যোগে কোরবানির আয়োজন করা হয় এবং তা অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়। মেহেরপুরে এবার প্রথমবারের মতো এ কার্যক্রম পরিচালিত হয়েছে।
অ্যাডভোকেট সাকিল আহমাদ বলেছেন, দরিদ্র মানুষের কথা বিবেচনা করে তিনি সংগঠনটির কাছে আবেদন করেন। তার ভাষ্য, ভবিষ্যতে আরও বেশি গরু কোরবানির মাধ্যমে বেশি মানুষের কাছে মাংস পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।
কোরবানির বাস্তবায়ন কমিটির প্রধান বোরহান উদ্দীন জানান, এ উদ্যোগে শত শত দরিদ্র পরিবার উপকৃত হয়েছে। স্থানীয়দের বাড়ি বাড়ি মাংস পৌঁছে দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
ফাতিহ সিমসেক বলেছেন, তারা বিশ্বের বিভিন্ন দেশে কোরবানি কার্যক্রম পরিচালনা করেন। বাংলাদেশেও বিভিন্ন জেলায় এ কার্যক্রম চলছে। তিনি এ উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও কার্যক্রম পরিচালনার আশা ব্যক্ত করেন।
এ উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষ কোরবানির মাংস পেয়ে সন্তোষ প্রকাশ করেন।







