মাধবপুরে অবৈধ বালু উত্তোলন, জরিমানা লাখ টাকা
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

ছবি: আগামীর সময়
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও ড্রেজার ধ্বংস করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর ও তেঘরিয়া এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ মৈত্রী রায়।
অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আবেদ আলীকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ও ড্রেজার ধ্বংস করা হয়।
দণ্ডপ্রাপ্ত আবেদ আলী জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামের ছায়েব আলীর ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ মৈত্রী রায় জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।



