গাজীপুর
মাদকের আখড়া হাজীর মাজার বস্তি থেকে আটক ১০৭

সংগৃহীত ছবি
গাজীপুরের টঙ্গীর আলোচিত মাদক স্পট হাজী মাজার বস্তিতে টানা দুই দিনের অভিযানে আটক করা হয়েছে ১০৭ জনকে।
বুধবার (২৯ এপ্রিল) ভোররাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের অভিযানে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয় ৩৩ জনকে। এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত থেকে ভোর পর্যন্ত প্রায় ৬ ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে আটক করা হয় আরও ৭৪ জনকে।
পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে মাদক সেবন, মাদক বিক্রি, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। অভিযানের সময় উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ অর্থ এবং চুরি-ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, গত রাত থেকে আজ ভোর পর্যন্ত অভিযানে ৩৩ জনকে আটক করা হয়েছে। আর মঙ্গলবার রাতে আটক করা হয় ৭৪ জনকে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্থানীয়দের মতে, হাজী মাজার বস্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। নিয়মিত এমন অভিযান চালানো হলে এলাকাটিতে অপরাধ প্রবণতা কমে আসবে বলে আশা তাদের।
পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



