সমাজসেবা অফিসে জুতা খুলে প্রবেশের নিয়ম!

সমাজসেবা অফিসের বাইরে সেবাগ্রহীতাদের জুতা
হবিগঞ্জের মাধবপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ে সেবা নিতে গিয়ে জুতা খুলে প্রবেশ করতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে একই কার্যালয়ে প্রভাবশালী ব্যক্তিদের কেউ কেউ জুতা না খুলেই প্রবেশ করছেন বলে অভিযোগ উঠেছে।
প্রায় এক সপ্তাহ ধরে চালু থাকা এ ব্যবস্থা নিয়ে সেবাগ্রহীতা ও স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। কর্তৃপক্ষ শৃঙ্খলা বজায় রাখার কথা বললেও নিয়মটি সবার ক্ষেত্রে সমানভাবে কার্যকর হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুবেল মন্ডল দায়িত্ব নেওয়ার পর কার্যালয়ে জুতা খুলে প্রবেশের এ ব্যবস্থা চালু করেন। তবে নিয়মটির বাধ্যবাধকতা ও প্রয়োগ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে পায়ের সমস্যায় ভুগছেন এমন সেবাগ্রহীতাদের জন্য এ ব্যবস্থা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন কেউ কেউ।
কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী রঞ্জিত বিশ্বাস আগামীর সময়কে বলেন, ‘শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্যার যোগদানের পর থেকে এ নিয়ম চালু করা হয়েছে।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুবেল মন্ডল বলেন, ‘জুতা রাখার জন্য বক্সের ব্যবস্থা করা হবে। অফিসে শৃঙ্খলা বজায় রাখতেই নতুন এ ব্যবস্থা চালু করা হয়েছে। তবে বিষয়টি এমন নয় যে বাধ্যতামূলক।’
তবে কর্মকর্তার বক্তব্যের সঙ্গে সেবাগ্রহীতাদের অভিজ্ঞতার মিল নিয়ে প্রশ্ন উঠেছে। সেবা নিতে আসা নাজমা বেগম বলেন, এ ধরনের নিয়ম তিনি কোথাও দেখেননি। পায়ে সমস্যা থাকা সত্ত্বেও তাকে জুতা খুলে অফিসে প্রবেশ করতে হয়েছে।’
উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মির্জা ইকরাম সরকারি অফিসে জুতা খুলে প্রবেশের বিষয়টিকে ‘আজগুবি’ বলে মন্তব্য করেন। এ ক্ষেত্রে কার্যকর ও যুক্তিসংগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
স্থানীয়দের মতে, কার্যালয়ের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন। তবে এ জন্য নেওয়া ব্যবস্থা সবার ক্ষেত্রে সমানভাবে কার্যকর করতে হবে। একই নিয়ম কারও জন্য প্রযোজ্য হলেও কেউ কেউ তা অনুসরণ না করলে বৈষম্যের প্রশ্ন উঠতে পারে। পাশাপাশি পায়ের সমস্যা বা শারীরিক অসুবিধা থাকা সেবাগ্রহীতাদের ভোগান্তির বিষয়টিও বিবেচনায় নেওয়া জরুরি।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জালাল উদ্দিন বলেন, ‘বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’



