দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

সংগৃহীত ছবি
বৈরি আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে পদ্মা নদীতে তীব্র ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টিপাত ও ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।
একই সঙ্গে পদ্মা নদীতে ঢেউয়ের তীব্রতা বেড়ে যাওয়ায় নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেছেন, ‘হঠাৎ নদীতে ঝড়ো বাতাস ও প্রতিকূল আবহাওয়ার সৃষ্টি হওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।’







