পদ্মায় বন্ধুদের সঙ্গে গোসলে নেমে শিশু নিখোঁজ

ছবি: আগামীর সময়
রাজবাড়ীর দৌলতদিয়ায় বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে নূর আমিন (৬) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।
আজ শুক্রবার দুপুরে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌপুলিশ অভিযান চালায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত তার সন্ধান মেলেনি। নিখোঁজ নূর আমিন দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর দৌলতদিয়া সাত্তার মেম্বারপাড়া গ্রামের রেজাউল করিম ফকিরের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে পদ্মা নদীর পাড়ে গোসল করতে যায় নূর আমিন। গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোতে সে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা নদীতে খোঁজাখুঁজি শুরু করলেও পানির গভীরতা ও তীব্র স্রোতের কারণে শিশুটির সন্ধান পাননি।
খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও নৌপুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে ডুবুরি দল স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা ঘনিয়ে আসায় উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
দৌলতদিয়া ঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, নৌপুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। শিশুটিকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। শিশুটিকে উদ্ধারে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।



