চৌদ্দগ্রামে মারধরের পর রাইডারের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে মারধরে কাজী মো. ইউসুফ নামে এক মোটরসাইকেল রাইডারের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ কনকাপৈত দক্ষিণপাড়ার বাসিন্দা। তিনি ইসলামি সংগীতশিল্পী হিসেবেও পরিচিত ছিলেন। জীবিকার প্রয়োজনে সম্প্রতি মোটরসাইকেল রাইডার হিসেবে কাজ করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দু-তিন দিন আগে কনকাপৈত স্কুলমাঠে বালু ওঠানামা নিয়ে ফারিহা এন্টারপ্রাইজের ট্রাক্টরচালক ইলিয়াসের সঙ্গে ইউসুফের বাগ্বিতণ্ডা হয়। গতকাল সকালে আমজাদের বাজারে গেলে ইলিয়াসসহ কয়েকজন তার ওপর হামলা করেন বলে অভিযোগ রয়েছে। পরে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা ইউসুফকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানোর সময় পথে তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন জানিয়েছেন, নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদাউস থানায় লিখিত অভিযোগ করেছেন।



