আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সাভার থানার ওসি প্রত্যাহার
সাভার (ঢাকা) প্রতিনিধি

সংগৃহীত ছবি
সাভারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাংবাদিকদের ওপর হামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে না পারায় সাভার মডেল থানার ওসি আরমান আলীকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। তাকে সাভার থানা থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন এই তথ্য নিশ্চিত করেন।
শামীমা পারভীন জানান, সাভারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তা ছাড়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত মূল আসামিকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। এসব কারণে সাভার মডেল থানার ওসি আরমান আলীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এর আগেও এই একই ঘটনায় আরও তিনজনকে প্রত্যাহার করা হয়েছে বলে উল্লেখ করেন জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।






