জালিয়াতির মামলায় আরএনবি সিপাহিকে গ্রেপ্তার করল পুলিশ

গ্রেপ্তার আরএনবি সিপাহি আলমগীর হোসেন অপু। ছবি: আগামীর সময়
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চেক জালিয়াতির মামলায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. আলমগীর হোসেন অপু আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চৌকিতে সিপাহি হিসেবে কর্মরত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম।
পুলিশ সূত্র জানায়, আলমগীর হোসেনের বিরুদ্ধে আখাউড়া থানায় সিআর-৫০৫/২০২৬ নম্বর মামলা রয়েছে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় মামলাটি করা হয়। ২০২৬ সালের ২৭ জুলাই মামলাটি দায়েরের পর আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
ওসি জাবেদ উল ইসলাম জানান, আলমগীর হোসেন যে ব্যক্তিকে চেক দিয়েছিলেন, সেই চেকে পর্যাপ্ত টাকা ছিল না। এ ঘটনায় করা মামলায় আদালতের পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আলমগীর হোসেনের ঠিকানা আখাউড়া পৌর এলাকার কুমারপাড়া রেলওয়ে কলোনি। তিনি ‘সি-১১৩৮/ই সিপাহি’ হিসেবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর আখাউড়া চৌকি, ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত।



