পোশাক খাত অস্থিতিশীলের চেষ্টা করছে ফ্যাসিস্টরা: শামা ওবায়েদ

ফরিদপুর সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক নেতাদের নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেছেন, ‘তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে সন্ত্রাসীরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা করছে। দেশের জনগণের পাশাপাশি আন্তর্জাতিক মহলও এসব ঘটনা পর্যবেক্ষণ করছে। জাতিসংঘ ইতিমধ্যে অরাজকতা ও অগ্নিসন্ত্রাসের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে এবং এ সম্পর্কে জানতে চেয়েছে।’
আজ মঙ্গলবার রাতে ফরিদপুর সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিস্টরা উঠেপড়ে লেগেছে। দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন তারা সেই পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র করছে। দেশের অর্থনীতি ধ্বংস করতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।’
তিনি আরও বলেন, ‘আগে যেভাবে ১৭ বছর দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, সেই অপচেষ্টা আর সফল হতে দেওয়া হবে না। দেশে এখন একটি গণতান্ত্রিক সরকার রয়েছে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্তব্য করেন, ‘দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। কারণ, গত ১৭ বছরে তারা দেশের সব গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে।’
এ সময় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, পুলিশ সুপার শাহারিয়ার মোহাম্মদ মিয়াজী, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপির সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।



