ময়মনসিংহে ৬৮ প্রতিষ্ঠানে ৬২ লাখ টাকার চেক বিতরণ

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক তুলে দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত
ময়মনসিংহ জেলা পরিষদের বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিপরীতে ৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৬১ লাখ ৬২ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান লিটন, মো. জাকির হোসেন ও লুৎফুল্লাহেল মাজেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে তিনি বিশেষ বরাদ্দের ব্যবস্থা করবেন। একই সঙ্গে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে চেক গ্রহীতাদের প্রতি আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, এখন থেকে দ্রুততম সময়ের মধ্যে চেক বিতরণ করা হবে। উন্নয়নকাজ বাস্তবায়নের প্রতিটি ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে।




