ছাত্রলীগের ধর্মঘট ঘিরে পুরোনো সংঘর্ষের ভিডিও প্রচার

ছবি: আগামীর সময়
১০ নভেম্বর নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয়। এ কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা সামনে আসে। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের সঙ্গে একদল আন্দোলনকারীর সংঘর্ষের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ছাত্রলীগের ডাকা শান্তিপূর্ণ ধর্মঘটকে অশান্ত করতে জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা মাঠে নেমেছেন।
তবে যাচাই করে দেখা যায়, ভিডিওটি সাম্প্রতিক কোনো রাজনৈতিক কর্মসূচির নয়। এটি গত ১ নভেম্বর রাজধানীর মিরপুরে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার ভিডিও। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভের সময় এ সংঘর্ষ হয়।
কী ভিডিও ছড়াচ্ছে?
ফেসবুকের ‘Khaled Mohiuddin’ নামের একটি গ্রুপ থেকে গতকাল ২৫ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। এর ক্যাপশনে লেখা হয়, ‘ছাত্রলীগের শান্তিপূর্ণ ধর্মঘটকে অশান্ত করতে কারা মাঠে নেমেছে? জামায়াত-বিএনপির নৈরাজ্য থেকে সাবধান।’
ভিডিওর ওপর ‘পুলিশের গাড়িতে আগুন, রণক্ষেত্র মিরপুর’ শিরোনাম দেওয়া রয়েছে। প্রেক্ষাপটে মিরপুর-১০ গোলচত্বর ও মেট্রো স্টেশনসংলগ্ন এলাকা দেখা যায়। ভিডিওতে সংঘাতময় পরিস্থিতিতে হেলমেট ও পুলিশের পোশাক পরা একদল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে অস্ত্র ও লাঠি হাতে সতর্ক অবস্থানে দৌড়ে এগিয়ে যেতে দেখা যায়। রাস্তায় ধোঁয়া ও বিশৃঙ্খল পরিবেশও দেখা যায়।
ভিডিওর শেষ দিকে একটি হলুদ রঙের জলকামান বা সাঁজোয়া যান থেকে পানি ছেটানোর দৃশ্য রয়েছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ভিডিওটি ২০ বার শেয়ার হয়েছে। এতে ৩১০টি প্রতিক্রিয়া পড়েছে।
যাচাইয়ে যা মিলছে
ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান করা হয়। এতে সংবাদমাধ্যম রাইজিংবিডির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। এর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক দৃশ্যের হুবহু মিল রয়েছে। রাইজিংবিডির ভিডিওতে ঘটনাটিকে রাজধানীর মিরপুর-১০ এলাকায় পুলিশের সঙ্গে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ঘটনাটি সম্পর্কে আরও জানতে কি-ওয়ার্ড সার্চ করলে গত ১ নভেম্বর প্রথম আলোর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এতে বলা হয়, ওই দিন রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা, জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।
এ ছাড়া ওই সময়ের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনেও মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর প্রকাশিত হয়। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকেরা মিরপুর-১০, ১১ ও ১৪ নম্বর এলাকায় সড়ক অবরোধ করেন।
অর্থাৎ, ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে জড়ানোর দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক কোনো রাজনৈতিক কর্মসূচির নয়। এটি গত ১ নভেম্বর রাজধানীর মিরপুরে তৈরি পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পুরোনো ভিডিও।




