ডিম ছাড়েনি ৬০ শতাংশ মা ইলিশ
- গত ৩ বছরের তুলনায় প্রজনন সফলতা কমেছে ১০-১২ শতাংশ
- জলবায়ু পরিবর্তনের প্রভাবে ব্যাহত প্রজনন
- নিষেধাজ্ঞার সময় পুনর্নির্ধারণের তাগিদ

মা ইলিশের নির্বিঘ্ন প্রজননে ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার, লক্ষ্য ছিল ইলিশের বংশবৃদ্ধি নিশ্চিত করা। কিন্তু নিষেধাজ্ঞা শেষে দেখা যাচ্ছে উল্টো চিত্র। গত তিন বছরের তুলনায় প্রজনন সফলতার হার কমেছে ১০ থেকে ১২ শতাংশ। এতে ইলিশের উৎপাদন ও ভবিষ্যৎ প্রজনন নিয়ে সৃষ্টি হয়েছে উদ্বেগ। মা ইলিশের প্রজনন পরিস্থিতি পর্যবেক্ষণে বরিশাল বিভাগের দ্বীপজেলা ভোলা, পটুয়াখালীসহ উপকূলীয় বিভিন্ন নদ-নদী পরিদর্শন করে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তাদের একটি দল। তাদের পর্যবেক্ষণে কোথাও ৩০, কোথাও ৩৫, আবার কোথাও সর্বোচ্চ ৪০ শতাংশ মা ইলিশের ডিম ছাড়ার প্রবণতা পাওয়া গেছে।
মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্যমতে, ২০২৫ সালে ২২ দিনের ইলিশ সংরক্ষণ অভিযানে মা ইলিশের প্রজনন সফলতার হার ছিল ৪৯ দশমিক ২৭ শতাংশ। ২০২৪ সালে এ হার ছিল ৫২ এবং ২০২৩ সালে ৫২ দশমিক ২ শতাংশ। সেই হিসাবে আগের তিন বছরের তুলনায় এবার উল্লেখযোগ্যভাবে কমেছে প্রজনন সফলতা।
মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদীকেন্দ্র, চাঁদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তায়েফা আহমেদ জানিয়েছেন, তার নেতৃত্বাধীন দল ২ নভেম্বর পর্যন্ত পর্যবেক্ষণ করেছে চাঁদপুর, ভোলার ইলিশা, মনপুরা ও হাতিয়া এলাকায় মা ইলিশের প্রজনন পরিস্থিতি। প্রাথমিক গবেষণায় জালে ধরা পাঁচটি ইলিশের মধ্যে ডিম পাওয়া গেছে তিনটিতে। নিষেধাজ্ঞার প্রথম দিন ৮ অক্টোবর বৈরী আবহাওয়ার মধ্যেও চাঁদপুর সদরে জাল ফেলে পাওয়া যায় একটি পুরুষ ও একটি স্ত্রী ইলিশ। ধরা পড়া মা ইলিশের প্রজনন অবস্থা বিবেচনা করেই ডিম ছাড়ার হার সম্পর্কে ধারণা করা হয়েছে। সে অনুযায়ী এবার সর্বোচ্চ ৪০ শতাংশ মা ইলিশ ডিম ছেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
মেঘনাবেষ্টিত হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমানের মতে, যথাযথভাবে মা ইলিশ সংরক্ষণ করতে না পারা ডিম ছাড়ার হার কমে যাওয়ার অন্যতম কারণ। এবার সংরক্ষণ কার্যক্রমে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায়নি উল্লেখ করে তিনি জানালেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত উদ্যোগের ঘাটতি ছিল। নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা গেলে বাড়ানো সম্ভব হতো প্রজনন সফলতা। এদিকে নিষেধাজ্ঞা শেষে বরিশালের পোর্ট রোড, ভোলার চরফ্যাশনের সামরাজ ঘাট, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ও আলীপুর ঘাটে আসে বিপুল পরিমাণে ইলিশ। এসব ঘাটে নৌকা ও ট্রলারভর্তি শত শত মণ পচা ইলিশ নামানোর ঘটনাও আসে আলোচনায়। এ ঘটনায় বরিশাল মৎস্য অধিদপ্তর গঠন করে তিন সদস্যের তদন্ত কমিটি। কমিটির প্রধান ও সিনিয়র সহকারী পরিচালক মো. আনিসুজ্জামানের ভাষ্য, তদন্তে সংশ্লিষ্ট ঘাটগুলোতে পচা ইলিশ অবতরণের প্রমাণ পাওয়া গেছে। অভিযানের সময় জেলেদের সংঘবদ্ধ প্রতিরোধের মুখেও পড়তে হয়েছে কর্মকর্তাদের।
তবে প্রজনন সফলতা কমে যাওয়ার পেছনে শুধু নিষেধাজ্ঞা বাস্তবায়নের দুর্বলতাকেই দায়ী করছেন না মৎস্য কর্মকর্তারা। বরিশাল মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক কামরুল হাসান জানালেন, এবার মাঝারি আকারের ইলিশের মধ্যে ডিম ছাড়ার প্রবণতা তুলনামূলক বেশি ছিল। তবে ছোট ইলিশের পেটেও ডিম পাওয়া যাওয়ায় সৃষ্টি হয়েছে উদ্বেগ।
জলবায়ু পরিবর্তন ও আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবেও ডিম ছাড়ার প্রবণতা কমে যেতে পারে। এ ছাড়া প্রজনন মৌসুম ও নিষেধাজ্ঞার সময় নির্ধারণ গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে নিষেধাজ্ঞা কার্যকর করা না গেলে প্রত্যাশিত প্রজনন সফলতা অর্জন কঠিন হয়ে পড়তে পারে— যোগ করলেন তিনি।



