শীতের পরিযায়ী বৃহৎ পানকৌড়ি

ছবিটি তুলেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও সৌখিন আলোকচিত্রী ড. তুহিন ওয়াদুদ
পানকৌড়ি হলো জলকাম বা ফ্যালাক্রোকোরাসিডি গোত্রের অন্তর্ভুক্ত মাঝারি থেকে বড় আকারের এক ধরনের জলচর পাখি। তবে বড় পানকৌড়ি সামুদ্রিক পাখির পানকৌড়ি পরিবারের সদস্য। এটি একটি বড়সড় আকারের কালো রঙের পাখি যা প্রাচীন আমেরিকা ও উত্তর আমেরিকার আটলান্টিক উপকূলের বেশিরভাগ অঞ্চলে প্রজনন সম্পন্ন করে। বিশ্বব্যাপী ৩৫ প্রজাতির পানকৌড়ির অস্তিত্ব থাকলেও এ দেশে রয়েছে মোটে ৩টি। এদের মধ্যে পানকৌড়ি ও মাঝারি পানকৌড়ি আবাসিক এবং বৃহৎ পানকৌড়ি শীতের পরিযায়ী।
গত ৬ নভেম্বর দুপুরে রংপুরের তিস্তা নদীর মহিপুর এলাকায় উড়ন্ত এই বৃহৎ পানকৌড়ির ছবি তুলেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও সৌখিন আলোকচিত্রী ড. তুহিন ওয়াদুদ।
তিনি জানান, পানকৌড়ির ‘পান’ শব্দের অর্থ পানি বা জল আর ‘কৌড়ি’ মানে কাক বা কাকসদৃশ্য পাখি। দেখতে ঠিক কাকের মতো হওয়ায় গ্রামাঞ্চলে এর আরেক নাম ‘জলকাক’। পানকৌড়ির ইংরেজি নাম ‘কর্মোরান্ট’ এসেছে ল্যাটিন ‘কারভাস ম্যারিনাস’ থেকে। যার অর্থ ‘সমুদ্রের কাক’। স্ক্যান্ডিনেভীয় নর্স পুরাণ মতে, পানকৌড়ি ‘সমুদ্রযাত্রীদের পথপ্রদর্শক’, চীন ও জাপানের লোকবিশ্বাসে ‘মাছ ধরার দেবতার দূত’ আর আইসল্যান্ডে ‘আবহাওয়ার পূর্বাভাসদাতা’। তবে প্রচুর মাছ খাওয়ার কারণে মধ্যযুগীয় ইউরোপে পানকৌড়ি ‘শয়তানের পাখি’ আর দক্ষিণ এশিয়া ও বাংলাদেশে নিন্দিত হয়েছে ‘লোভী পাখি’ হিসেবে। কোথাও কোথাও অবশ্য পানকৌড়ির উপস্থিতিকে বেশি মাছ পাওয়ার সংকেত বলে ধরা হয়।
এদের পালক প্রধানত কালো বা কালচে রঙের হয়। এরা অত্যন্ত দক্ষ সাঁতারু এবং পানির গভীরে ডুব দিয়ে সরাসরি আস্ত মাছ গিলে খায়, ছিঁড়ে খায় না। ছোট ও বড় পানকৌড়ি এপ্রিল থেকে জুলাইয়ে প্রজনন করলেও মাঝারি পানকৌড়ির প্রজননকাল জুলাই থেকে ফেব্রুয়ারি। এরা পানির ধারে বড় গাছের শাখায় দল বেঁধে কলোনি তৈরি করে শুকনা সরু ডালপালা, জলজ উদ্ভিদ, লতাপাতা, শিকড় ইত্যাদি দিয়ে পাতিকাকের মতো বাসা বানায়। ছোট পানকৌড়ি ২ থেকে ৬টি সাদা রঙের ডিম পাড়ে, যা ১৫ থেকে ২১ দিনে ফোটে। বড় পানকৌড়ি ৩ থেকে ৫টি সবুজাভ-নীল ডিম পাড়ে, যা ফোটে থেকে ৩১ দিনে। অন্যদিকে মাঝারি পানকৌড়ি ৩ থেকে ৬টি নীলাভ-সবুজ ডিম পাড়ে, যা ২৮ দিনে ফোটে। ৩ বছর বয়সে এরা বয়োঃপ্রাপ্ত হয়।
প্রায় ১৩০০ বছর আগে প্রাচীন চীন ও জাপানে পানকৌড়িকে প্রশিক্ষণ দিয়ে প্রথম মাছ ধরার কাজে ব্যবহার শুরু হয়। তখন বড় মাছ যেন গিলতে না পারে সেজন্য এর গলায় আংটি পরিয়ে দেওয়া হতো। ধরা মাছ জেলেদের হাতে তুলে দিতে হতো। মধ্যযুগে ইউরোপে পানকৌড়ি ‘রাজকীয় শিকার-পাখি’র স্বীকৃতি পেয়েছিল। ইংল্যান্ডে ১৭শ’ শতকে রাজা জেমস প্রথম পানকৌড়িকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে মাছ ধরাতেন। এজন্য ‘মাস্টার অব দ্য কোরমোরান্টস’ও নিযুক্ত করেছিলেন। বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা সব দেশ ও অঞ্চলের জেলেদের প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হলেও পরিবেশের ভারসাম্যে পানকৌড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুধু মাছ খাওয়াই নয়, পানকৌড়ি পরিবেশে বড় ভূমিকাও রাখে। প্রচুর পরিমাণে ছোট ও দুর্বল মাছ খেয়ে মাছের প্রজননক্ষমতা বাড়ায়। ফলে জলাশয়ের মাছের প্রজাতিগত ভারসাম্য বজায় থাকে। জলজ খাদ্যজালের মধ্যস্তরের শিকারি এই পাখি যেমন মাছ খায়, তেমনি এদেরও আবার শিকার করে শকুন, ইগল, বড় শিকারি প্রাণী বা মানুষ। ফলে বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহ সুষম থাকে। পানকৌড়ির বিষ্ঠা প্রচুর নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ, যা মাটিকে উর্বর করে তোলে।
উদ্ভিদ ও জলজ শৈবালের বৃদ্ধিতে সাহায্য করে। বিশেষত দ্বীপ ও হাওরাঞ্চলের গাছপালায় এই সার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বড় পানকৌড়ি আকারে প্রায় ৮০-১০০ সেন্টিমিটার লম্বা। যাদের নদী, হাওর, উপকূলীয় অঞ্চলে বেশি দেখা যায়। ছোট পানকৌড়ি আকারে প্রায় ৫০ সেন্টিমিটার। যারা পুকুর, খাল আর গ্রামীণ জলাশয়ে বেশি থাকে। তৃতীয় প্রজাতির গলাফুলা বা ভারতীয় পানকৌড়ির আকার মাঝারি। নীলচে চোখের জন্য আলাদা করে চেনা যায়। মিঠাপানির হ্রদ ও নদীতে এদের বিচরণ বেশি। দেশের প্রায় সব হাওর-বাঁওড়, নদী, খাল, বিল, পুকুর ও উপকূলীয় অঞ্চলে এদের প্রধান আবাস।
আলোকচিত্রী ড. তুহিন ওয়াদুদ বলেন, প্রাচীনকালে বাংলাদেশ, চীন ও জাপানে পানকৌড়ি মানুষকে মাছ ধরায় সাহায্য করত। আজও অনেক এলাকায় পোষা পানকৌড়ি দিয়ে মাছ ধরা হয়, যা পর্যটকদের দৃষ্টি কাড়ে। ফলে পরিবেশবান্ধব পর্যটনের আকর্ষণ হতে পারে পানকৌড়ি। শুধু তা-ই নয়, প্রকৃতিপ্রেমী ও পক্ষীবিশারদদের কাছে এই পাখি রীতিমতো গবেষণার উপাদান। লোককথা, গান ও কবিতায় পানকৌড়ির দারুণ উপস্থিতি রয়েছে।



