আ.লীগ নেতার বাড়িতে অভিযান, স্বেচ্ছাসেবক লীগের ব্যানার উদ্ধার

আটক বাবু
নারায়ণগঞ্জের ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগের চারটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাবু (৪৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
পুলিশের দাবি, ওই বাড়িতে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি গোপন বৈঠকও করা হচ্ছিল।
গতকাল বৃহস্পতিবার বিকালে শিবু মার্কেট মসজিদসংলগ্ন এলাকায় ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি সামছুল হকের বাড়িতে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, বুধবার সামছুল হকের ছেলে প্রমিত কয়েকজন সহযোগীকে নিয়ে বাড়িতে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। পরে সেই আয়োজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হলে বিষয়টি পুলিশের নজরে আসে।
পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার বিকালেও প্রমিত কয়েকজন সহযোগীকে নিয়ে ওই বাড়িতে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সামছুল হক, তার ছেলে প্রমিত, সহযোগী ও পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যান। পরে বাড়ির ভেতর তল্লাশি চালিয়ে স্বেচ্ছাসেবক লীগের চারটি ব্যানার উদ্ধার করা হয়। এ সময় বাবু নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়িটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি গোপন বৈঠক করা হচ্ছিল। বুধবার যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে ছবি ফেসবুকে প্রকাশ করা হয়। বৃহস্পতিবার প্রমিত কয়েকজন সহযোগীকে নিয়ে গোপন বৈঠকে বসেছেন, এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।
ওসি আরও বলেন, অভিযানে স্বেচ্ছাসেবক লীগের চারটি ব্যানারসহ বাবু নামের একজনকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



