নাশকতা মামলা
কেসিসির সাবেক প্যানেল মেয়র আলী আকবর টিপু কারাগারে

আলী আকবর টিপু
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক প্যানেল মেয়র ও নগরীর সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আকবর টিপুকে নাশকতা মামলা কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ বুধবার সকালে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪-এ উপস্থিত করা হলে বিচারক ইব্রাহীম খলিল মুহিম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ১০ অক্টোবর ঢাকার আদাবর থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার তাকে খুলনার আদালতে আনা হয়।
আদালত সূত্র জানায়, গত ২০২৪ সালের ৪ আগস্ট বিকাল ৪-৫টার দিকে নগরীর খালিশপুর থানার নিউজপ্রিন্ট গেট সংলগ্ন বিএনপি অফিসের সামনে আসামিরা অস্ত্রে সাজ্জিত হয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় আসামিদের কাছে থাকা শটগান দিয়ে কয়েক রাউন্ড গুলি করে তারা। ঘটনাস্থল ত্যাগ করার আগে তারা অফিস থেকে ১২ হাজার টাকা লুট করে নেয়। ওই বছরের ৩০ আগস্ট বিএনপি নেতা শাহিনুল ইসলাম পাখি বাদী হয়ে খালিশপুর থানায় একটি মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই অনুকূল চন্দ্র টিপুকে শোন অ্যারেস্ট দেখিয়ে আদালতে পাঠান। বেলা সাড়ে ১১টার দিকে তাকে কারাগারে প্রেরণ করা হয়।




