শ্রীমঙ্গল
দুর্গাপূজায় সড়কে ভোগান্তি কমাতে অভিযান

ছবি: আগামীর সময়
শারদীয় দুর্গাপূজায় দর্শনার্থী ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং যানজট কমাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার দুপুরে শহরের বিভিন্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলামের নেতৃত্বে অভিযানে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম ও উপজেলা বিএনপির একটি দল অংশ নেয়।
অভিযানকালে শহরের স্টেশন রোড, মৌলভীবাজার রোড ও হবিগঞ্জ রোড এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিষয়টি তদারকি করা হয়। এ সময় ফুটপাত দখলমুক্ত রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। তবে অভিযানে কাউকে জরিমানা করা হয়নি।
পৌর কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল। পাশাপাশি সড়কে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়ে যানজটের সৃষ্টি হচ্ছিল। এ সমস্যা সমাধানে আগে মাইকিং করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল।
সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শহরে দর্শনার্থীদের সমাগম বাড়ছে। এ সময় নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, যানজট নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা জরুরি। এ লক্ষ্যে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়েছে।




