কুষ্টিয়ায় ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসরের উদ্বোধন, নিবন্ধিত ১৫ হাজার শিশু-কিশোর

শিশু-কিশোরদের মেধা, মনন ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের জাতীয় আয়োজন ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক উদ্দীন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এবং কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদ। এ ছাড়া স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন হাসান গণমাধ্যমকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী গত ১২ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকেই ‘নতুন কুঁড়ি’ আয়োজনকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। আগামী দিনের প্রতিভাবান খেলোয়াড়, যোগ্য নেতৃত্ব ও দেশ গড়ার কারিগর তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।’
তিনি জানান, দ্বিতীয় আসরে প্রতিযোগিতার পরিধি আরও বিস্তৃত করা হয়েছে। কুষ্টিয়া জেলায় ১১ হাজার শিশু-কিশোরের নিবন্ধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ইতিমধ্যে ১৫ হাজার নিবন্ধন সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, ‘নতুন কুঁড়ি’ কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের এক অনন্য প্ল্যাটফর্ম। এর মাধ্যমে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল ক্ষেত্রে নতুন প্রতিভা উন্মোচিত হবে।’
উদ্বোধনী ঘোষণা শেষে কুষ্টিয়ার শিশু-কিশোর শিল্পীদের পরিবেশনায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্টেডিয়ামজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানিয়েছেন, খুব শিগগিরই কুষ্টিয়া জেলায় ‘নতুন কুঁড়ি’ সিজন-২-এর অডিশন ও বাছাইপর্ব শুরু হবে।



