এক বিষয়ে অকৃতকার্য, হতাশায় প্রাণ দিলেন এইচএসসি পরীক্ষার্থী

গ্রাফিকস: আগামীর সময়
লক্ষ্মীপুরের কমলনগরে এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হওয়ার পর হতাশায় নিজের প্রাণ দিয়েছে এক পরিক্ষার্থী। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের করুণানগর এলাকায় ঘটে এ ঘটনা।
নিহত পরীক্ষার্থীর নাম ভূমিকা রাণী। তিনি একই উপজেলার রঞ্জিত চন্দ্র দাসের মেয়ে। স্থানীয় হাজিরহাট উপকূল সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন ভূমিকা।
কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয়দের ভাষ্য, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন ভূমিকা। ফল প্রকাশের পর দীর্ঘক্ষণ কান্নাকাটি করেন তিনি। পরিবারের সদস্যরা তাকে সান্ত্বনা দিলেও মন খারাপ ছিল তার। পরে ঘরের বাইরে চুপচাপ বসে ছিলেন। কারও সঙ্গে কথা বলছিলেন না। একপর্যায়ে বিকেলে পরিবারের সদস্যরা ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
হাজিরহাট উপকূল সরকারি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মাহবুবে এলাহি সানি বলেন, ‘ঘটনাটি শুনেছি। এক বিষয়ে ফেল করেছেন তিনি। এক মাস পর আবার পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল। ভুল সিদ্ধান্ত নিয়ে মেয়েটা জীবন দিয়ে দিল। ঘটনাটি দুঃখজনক।’
কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান বলেন, ঘটনাটি শুনেছেন। তবে বিস্তারিত জানেন না।




