মাদারীপুরে ফের হাতবোমা বিস্ফোরণ

গ্রাফিকস: আগামীর সময়
মাদারীপুর সদরে চলতি মাসে তৃতীয়বারের মতো হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামের একটি পরিত্যক্ত ঘরে গতকাল রবিবার রাতে বিস্ফোরিত হয়েছে দুটি হাতবোমা।
থানা পুলিশ বলছে, আলমগীর নোক্তি নামে এক ব্যক্তির পরিত্যক্ত ঘরে বোমা দুটি মজুদ রাখা ছিল। রাতে হঠাৎ বিস্ফোরিত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানালেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ।
ঘরে হাতবোমা কীভাবে এলো, তা জানেন না বলে দাবি আলমগীরের। তার ভাষ্য, ‘বিকট শব্দ শুনে নতুন ঘর থেকে বের হয়ে দেখি হাতবোমা বিস্ফোরণের গন্ধ। মনে হচ্ছে এটা অনেক দিন আগে থেকেই এখানে রেখেছিল কেউ। পরে বিষয়টি পুলিশকে জানাই।’
ওসি আবুল কালাম বলেছেন, ‘কয়েক বছর যাবত পরিত্যক্ত ছিল আলমগীর নোক্তির পুরনো ঘরটি। যতটুকু বুঝতে পেরেছি, বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কোনো আলামতও পাওয়া যায়নি। কারা এতে জড়িত, তা দেখতে তদন্ত শুরু হয়েছে।’
মাসের প্রথম দিন সদরের হোগলপাতিয়া গ্রামের মালেক আকনবাড়ি জামে মসজিদের ইমামের কক্ষে বিস্ফোরণের বিকট শব্দ হয়। মুহূর্তেই উড়ে যায় টিনের চালার একাংশ। পুড়ে ছাই হয় ঘরে থাকা আসবাব ও বিভিন্ন জিনিসপত্র।
তিন দিন পর সদরের পেয়ারপুরে একটি পরিত্যক্ত ঘরের সামনে বোমা বিস্ফোরণ হয়। জমির বিরোধের জেরে রাজ্জাক মোল্লার পরিত্যক্ত ঘরের সামনে এই বিস্ফোরণ ঘটানো হয় বলে দাবি করে পরিবারটি।
এর আগে গত ২৬ আগস্ট সন্ধ্যায় সদরের ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি এলাকার আরেকটি পরিত্যক্ত ঘরে হাতবোমার বিস্ফোরণ ঘটে। আর ১৫ আগস্ট কালকিনি পৌর এলাকার একটি মহিলা মাদ্রাসায় হয় ককটেল বিস্ফোরণ। এতে মাদ্রাসার পাঁচ শিশুশিক্ষার্থী আহত হয়।




