চাকার পাংচার সারাতে নেমে প্রাণ গেল নছিমন চালকের

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের পাশে বিকল নছিমনের চাকা মেরামতের সময় ডাম্পার ট্রাকের ধাক্কায় মো. নয়ন উদ্দিন (২১) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট আইডিয়াল স্কুলসংলগ্ন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন উদ্দিন কক্সবাজার সদর উপজেলার লারপাড়া এলাকার মো. হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নয়ন শ্যালো ইঞ্জিনচালিত নছিমনে রড বোঝাই করে কক্সবাজার থেকে বদরখালীর উদ্দেশে যাচ্ছিলেন। পথে মালুমঘাট এলাকায় পৌঁছালে গাড়িটির ডান পাশের চাকা ফেটে যায়। পরে তিনি মহাসড়কের পাশে দাঁড়িয়ে চাকা মেরামতের কাজ করছিলেন।
এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী দ্রুতগতির একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন নয়ন।
দুর্ঘটনার খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান জানিয়েছেন, ভোররাত আনুমানিক ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে নছিমনটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ডাম্পারটি পালিয়ে গেছে। গাড়িটি শনাক্তে কাজ চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।






