ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে ডাকাতের কবলে রফিকুল মাদানি

ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি। ছবি: সংগৃহীত
ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতের কবলে পড়েছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি। গতকাল রবিবার রাতে উপজেলার এশিয়ান হাইওয়ের পাকুন্ডা এলাকায় সড়কে বড় বড় পাথর ফেলে যানবাহনের গতিরোধ করে রামদা নিয়ে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফেসবুক লাইভে এসে সহযোগিতা চান তিনি। তবে তার গাড়ি থেকে কোনো কিছু খোয়া যায়নি।
রফিকুল ইসলাম মাদানি ফেসবুক লাইভে জানান, কুমিল্লায় ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে পাকুন্ডা এলাকায় পৌঁছে সড়কে ডাকাতি হতে দেখেন। ডাকাতরা সড়কে বড় বড় পাথর ফেলে যানবাহনের গতিরোধ করছিল। তাদের হাতে ছিল রামদা।
তিনি জানান, তার গাড়িটি ডাকাতদের কিছুটা দূরে থাকায় চালক দ্রুত গাড়ি ঘুরিয়ে নেন। এতে তারা ডাকাতদের কবল থেকে রক্ষা পান। তবে এ সময় অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
ঘটনার পর এশিয়ান হাইওয়ের পাকুন্ডা এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মহাসড়কে এমন ঘটনায় রাতের যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।




