আশুগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে নারীর মৃত্যু

সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হয়েছে আনোয়ারা বেগম (৪০) নামে এক গৃহবধূর। বৃহস্পতিবার সকালে উপজেলার তারুয়া গ্রামে ঘটে এ ঘটনা।
নিহত আনোয়ারা বেগম তারুয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মহসিন মিয়ার স্ত্রী।
পরিবারের ভাষ্য, সকাল ৭টার দিকে রান্নাঘরের এক কোণে রাখা চালের বস্তা থেকে চাল বের করতে গেলে বস্তার নিচে লুকিয়ে থাকা সাপ ছোবল দেয় তাকে। পরে তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে সাপটিকে দেখতে পান, যা পরে পাশের ঝোঁপে পালিয়ে যায়।
দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বামী মহসিন মিয়া জানান, সাপের কামড়ের পরপরই তিনি স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা ও অ্যান্টিভেনম প্রয়োগ করা হলেও বাঁচানো সম্ভব হয়নি তাকে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শাহীন ভূঁইয়া বলেছেন, রোগীর অবস্থার ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছিল। তবে বিষক্রিয়া মারাত্মক হওয়ায় তাকে বাঁচানো যায়নি।




