গাজীপুরে শ্রমিকদের থানা ঘেরাওয়ের চেষ্টা, টিয়ারশেল নিক্ষেপ

কাশিমপুর থানা ঘেরাওয়ের চেষ্টা আন্দোলনকারীদের
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কাশিমপুর থানা ঘেরাওয়ের চেষ্টা করেছেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
আজ মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় ডিবিএল গ্রুপের একটি কারখানার শ্রমিকেরা আন্দোলন করছিলেন। একপর্যায়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খালিদ হোসেনসহ পুলিশের সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন এবং তাদের ধাওয়া করেন। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ সদস্যরা দৌড়ে থানায় ফিরে যান। পরে শ্রমিক ও আন্দোলনকারীরা থানার আশপাশে জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। একপর্যায়ে তারা থানা ঘেরাওয়ের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ ঘটনার পর থানা ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
থানা ঘেরাওয়ের চেষ্টা ও সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে কাশিমপুর থানার ওসি মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন বলেন, ‘শ্রমিকদের সঙ্গে দুষ্কৃতকারীরা যোগ দিয়ে থানার আশপাশে জড়ো হয়। তাদের থানা এলাকা থেকে চলে যেতে বললেও যাচ্ছিল না। পরে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে এসে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘বিক্ষুব্ধ আন্দোলনকারীরা থানার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।’



