টর্চলাইটের আলোয় তাণ্ডব : ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত

ছবিঃ আগামীর সময়
ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের ভৈরবে টর্চলাইটের আলোয় দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রায় ৪ ঘণ্টাব্যাপী এই রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক ব্যক্তি। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (৫ এপ্রিল) বিকেলে স্থানীয় যুবকদের মধ্যে একটি ফুটবল খেলা চলছিল পৌর শহরের ঘোড়াকান্দা বালুর মাঠে । একপর্যায়ে মসজিদ বাড়ি এলাকার যুবকদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় পলাশ সিনেমা হল মোড় এলাকার যুবকদের। তর্ক-বিতর্ক দ্রুত উত্তেজনায় রূপ নেয় এবং বিকেল ৫টার দিকে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ।
স্থানীয়রা আরও জানান, প্রথম দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে প্রায় দুই ঘণ্টা ধরে। আবারও তারা দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে রাত সাড়ে ৭টার দিকে। অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে চলে তাণ্ডব।
‘একটি মসজিদ ও আশপাশের বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয় সংঘর্ষ চলাকালে। দুই দফায় এই সহিংসতায় রাত ১০টা পর্যন্ত পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়,’ জানায় স্থানীয়রা।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেছেন, ‘দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ফুটবল খেলাকে কেন্দ্র করে । দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
















