গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

গাজীপুরে কার্টন কারখানায় আগুন। ছবি: আগামীর সময়
গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলান এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে সারাবো ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট যুক্ত হয়। বর্তমানে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও জানালেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। কারখানার ভেতরে প্রচুর খালি কার্টন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।




