আগুনে পুড়ল হিটলারের অবকাশকেন্দ্র ঈগলস নেস্ট

হিটলারের তৎকালীন পাহাড়ি অবকাশকেন্দ্র ‘ঈগলস নেস্টে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
জার্মানির বাভারিয়া রাজ্যে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের তৎকালীন পাহাড়ি অবকাশকেন্দ্র ‘ঈগলস নেস্টে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে যায় কেন্দ্রটি। অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ এক এক সন্দেহভাজনকে আটক করেছে।
গতকাল শুক্রবার রাতে আগুন লাগার পর আজ শনিবার সকালেও তা জ্বলছিল। আগুন নেভাতে কাজ করছেন প্রায় ২০০ ফায়ার সার্ভিসের কর্মী। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দক্ষিণ জার্মানির বাভারিয়া রাজ্যের বের্শটেসগাডেন শহরের ওপর আল্পস পর্বতমালায় অবস্থিত কেলস্টাইনহাউজ ভবনটি ‘ঈগলস নেস্ট’ নামে পরিচিত।
গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে ভবনটিতে আগুন লাগার সংকেত পায় ট্রাউনস্টাইনের জরুরি বিভাগ। পরে সেখানে পৌঁছে দমকলকর্মীরা ভবনটিকে আগুনে জ্বলতে দেখেন।
দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতির কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আগুনের সঙ্গে আটক ব্যক্তির কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
হিটলারের আল্পস পর্বতমালার এ অবকাশকেন্দ্রটি নাৎসি শাসনামলে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক কাজে ব্যবহৃত হতো।
হিটলার এখানে মাঝেমধ্যে সরকার পরিচালনার কাজ করতেন। ১৯৪১ সালে সোভিয়েত ইউনিয়ন আক্রমণের পরিকল্পনা নিয়ে সামরিক কমান্ডারদের সঙ্গে এখানেই বৈঠক করেছিলেন তিনি।
প্রচারণামূলক চলচ্চিত্রেও জায়গাটি ব্যবহার করা হতো। এসব চলচ্চিত্রে হিটলারকে প্রাণী ও প্রকৃতিপ্রেমী হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল।
নাৎসিরা ১৯৩৮ সালে ‘ঈগলস নেস্ট’ নির্মাণ করেন। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের পরাজয়ের পরও ভবনটি ধ্বংসের হাত থেকে রক্ষা পায়।
এরপর থেকে জায়গাটি পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। বর্তমানে সেখানে একটি পাহাড়ি বিশ্রামাগারও রয়েছে।
সূত্র : বিবিসি






