গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, বিজিবি মোতায়েন

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আগামীর সময়
মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলছে। টানা দ্বিতীয় দিনের মতো আজ রবিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েক হাজার শ্রমিক।
এ সময় একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে সফিপুর ও আশপাশের এলাকার ১৮টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জড়ো হয়ে অবরোধ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকালে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও পরে বেতন বৃদ্ধির দাবিতে একে একে কারখানা থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেন। সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলনকারীর সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে চলমান অসন্তোষ নিরসন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, কোনাবাড়ী, মৌচাক, নাওজোড় ও ভোগড়া বাইপাস এলাকায় পর্যাপ্তসংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসনের পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে আগামী ৭ নভেম্বর পর্যন্ত এসব এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
দীর্ঘ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় সড়কটি প্রায় ফাঁকা হয়ে পড়ে। এ সুযোগে আন্দোলনরত শ্রমিকদের কেউ ফুটবল খেলেন, আবার কেউ ক্রিকেট খেলায় মেতে ওঠেন।
শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ায় সফিপুর ও আশপাশের এলাকার ১৮টি পোশাক কারখানা কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করেছে। এতে শিল্পাঞ্চলের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, আজ সকাল থেকেই শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়েছেন। তাদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এর আগে শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত একই দাবিতে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে রাতে তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে রবিবার সকাল থেকে আবারও সড়কে অবস্থান নেওয়ায় পরিস্থিতির অবনতি ঘটে।
শ্রমিকদের দাবি, বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। গত কয়েক সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক ও সফিপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করে আসছেন শ্রমিকেরা। এ পরিস্থিতিতে সরকার নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিলেও তাদের আন্দোলন চলছে।




