নেত্রকোনায় ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
নেত্রকোনা প্রতিনিধি

ছবি: আগামীর সময়
নেত্রকোনা পৌরশহরের একটি ভাড়া বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের গলায় বৈদ্যুতিক তার পেঁচানো ছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরশহরের কুরপাড় তিতাস গ্যাস অফিসসংলগ্ন মাহাবুল আলম মোহনের মালিকানাধীন একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই যুবকের নাম মো. আকাশ তালুকদার (৩০)। তিনি তালুকদার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের দেশিউড়া গ্রামের মৃত সোরাব তালুকদারের ছেলে। শহরের সাতপাই এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিপরীতে অবস্থিত একটি ওয়ালটন শোরুমে ডিলার প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অথবা আত্মহত্যার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।





