নড়াইল
সুপারির চারা রোপণ নিয়ে বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
নড়াইল প্রতিনিধি

হাসপাতালে নিহতের স্বজনরা। ছবি: আগামীর সময়
নড়াইলের লোহাগড়ায় সুপারি গাছের চারা রোপণকে কেন্দ্র করে বিরোধের জেরে হাসানুর শেখ (৫২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে হাসিবুল শেখ (২০)।
আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বয়রা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাসানুর বয়রা গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে।
নিহত হাসানুরের পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার বাড়ির পাশে সুপারির চারা রোপণ করেন হাসানুর ও তার পরিবারের সদস্যরা। আজ সকালে তার স্ত্রী সাহেরা বেগম (৪৫) চারাগুলোতে পানি দিচ্ছিলেন। এ সময় হাসানুরের স্ত্রীকে প্রতিবেশী মামুন শেখসহ তার পরিবারের সদস্যরা গালাগাল করেন। সুপারি গাছগুলো তাদের জমি ঘেঁষে লাগানো হয়েছে বলে অভিযোগ করেন তারা। হাসানুর ও তার ছেলে হাসিবুল এ ঘটনার প্রতিবাদ করতে গেলে মামুন ও তার পরিবারের সদস্যরা তাদেরকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে হাসানুরের মৃত্যু হয় এবং আহত হন হাসিবুল।
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।




