নিজ বাসের চাপায় প্রাণ গেল মালিকের

নিহতের স্বজনদের আহাজারি
নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে এনায়েত শেখ (৬০) নামে এক বাস মালিক নিহত হয়েছেন।
আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানীর মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনায়েত শেখের বাড়ি উপজেলার ঘোনাপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা এনায়েত শেখের মালিকানাধীন জিএমএস পরিবহনের একটি বাস মাঝিগাতী বাসস্ট্যান্ডে পৌঁছে ব্রেক করে। এ সময় পেছন থেকে নড়াইল এক্সপ্রেসের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে বাসের দরজার কাছে দাঁড়িয়ে থাকা এনায়েত শেখ ছিটকে সড়কে পড়ে যান। পরে নিজের বাসের চাপায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট নৃপেন দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।



