বন্দরে খেজুরের গুড়ের নামে বিক্রি হচ্ছে ভেজাল পণ্য

সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের বন্দরে বিভিন্ন এলাকায় জমে উঠেছে ভেজাল খেজুরের গুড়ের ব্যবসা। চিনিসহ বিভিন্ন উপকরণ মিশিয়ে তৈরি এসব গুড় অবাধে বিক্রি করা হচ্ছে হাটবাজারে। ফলে প্রতিদিন প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ ক্রেতারা। প্রকাশ্যে এ ব্যবসা চললেও ভেজাল প্রতিরোধে সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের।
সরেজমিন জানা গেছে, শীতের আগমনে বন্দর উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে খেজুরগাছ থেকে রস সংগ্রহ ও গুড় তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। ভোরে গ্রামীণ জনপথে গাছিদের রস সংগ্রহের দৃশ্য এখন প্রতিদিনের চিত্র। তবে ঐতিহ্যবাহী এই গুড় তৈরির আড়ালে কিছু অসাধু ব্যবসায়ী চিনিসহ বিভিন্ন উপকরণ মিশিয়ে ভেজাল গুড় তৈরি করছেন বলে অভিযোগ উঠেছে।
এসব ভেজাল গুড় উপজেলার বিভিন্ন হাটবাজারে খাঁটি খেজুরের গুড় হিসেবে বিক্রি করা হচ্ছে। এতে একদিকে যেমন প্রতারিত হচ্ছেন ক্রেতারা, অন্যদিকে স্বাস্থ্যঝুঁকিতেও পড়ছেন ভোক্তারা। ভেজাল গুড় খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার জানান, বিষয়টি তার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোক্তাদের দাবি, উপজেলার বিভিন্ন হাটবাজারে খেজুরের গুড়ের মান যাচাইয়ে প্রশাসনের নিয়মিত নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি ভেজাল গুড় উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
ভেজাল গুড়ের ব্যবসা বন্ধ করে বাজারে খাঁটি খেজুরের গুড়ের সরবরাহ নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও সচেতন মহল।



