গলাচিপায় বোমা বিস্ফোরণে তরুণের পাঁচ আঙুল বিচ্ছিন্ন

গলাচিপা থানা
পটুয়াখালীর গলাচিপায় লক্ষ্মীপূজা উপলক্ষে বোমা ফোটাতে গিয়ে অমিত হাজারি নামে এক তরুণের হাতের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। বিস্ফোরণে ১৮ বছরের ওই তরুণের হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতটি রক্ষা করা যাবে কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসক।
গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার গ্রামে এ ঘটনা ঘটে। অমিত ওই গ্রামের অর্জুন হাজারির ছেলে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, লক্ষ্মীপূজা উপলক্ষে আনন্দ-উল্লাসের সময় বোমা ফোটাতে গিয়ে বিস্ফোরণে গুরুতর আহত হন অমিত। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) পাঠানো হয়।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল্লাহ আল নোমান জানিয়েছেন, অমিতের হাতে ডিগ্লোভিং ইনজুরি হয়েছে। এ ধরনের আঘাতে ত্বক ও নরম টিস্যু মারাত্মকভাবে উঠে যায়। বিস্ফোরণে তার হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতটি রক্ষা করা যাবে কি না, তা নিয়ে আশঙ্কা রয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, লক্ষ্মীপূজা উপলক্ষে আনন্দ-উল্লাসের সময় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।




