আজিজুল বারী হেলাল
আ.লীগকে সন্ত্রাসের পথ বেছে নিতে নিজের ভূখণ্ড ও প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ দিচ্ছে ভারত

সংগৃহীত ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসের পথ বেছে নিতে ভারত তার ভূখণ্ড ও প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক এস কে আজিজুল বারী হেলাল।
আজ শনিবার দুপুরে খুলনা নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।আওয়ামী লীগের খুন, গুম, সড়ক অবরোধ ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আজিজুল বারী হেলাল বলেন, গত ১৭ বছরে হত্যা, নির্যাতন ও অর্থ পাচারের মতো কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের অনুতপ্ত হওয়ার কথা ছিল। কিন্তু অনুশোচনার পরিবর্তে তারা আবারও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।
তিনি বলেন, ১৯৭৪ সালে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ বিলুপ্ত করেছিলেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমেও সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০ প্রাণ হত্যার পরও দলটির মধ্যে কোনো অনুশোচনা তৈরি হয়নি। ইতিহাসের ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানে পরাজিতরা আর রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পারে না।
এ সময় তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা সিটি করপোশেনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন এবং খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পী যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।



