পানি সম্পদমন্ত্রী
বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি— সংগৃহীত
বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, ‘বিএনপি ঐক্যে বিশ্বাসী। জনরায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। জাতীয় স্বার্থে চব্বিশের জুলাইয়ে যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয় ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলছিলেন, ‘বাংলাদেশে আর কখনোই ফাসিবাদ কায়েম হবে না, কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না। বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, পার্লামেন্টে এক আচরণ বাহিরে ভিন্নরূপ এই নীতি পরিহার করতে হবে। অযথা মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানো থেকে বিরোধী দলকে বিরত থাকার আহ্বান জানান মন্ত্রী।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। সভাপতিত্ব করেন সৈয়দ এহসানুল হুদা।





