তালা
ফেসবুকে কলেজছাত্রীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোয় কারাগারে তিনজন

তালা থানা, সাতক্ষীরা। সংগৃহীত ছবি
সাতক্ষীরার তালায় এক কলেজছাত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার আসামিরা হলেন, উপজেলার সেনেরগাঁতী গ্রামের জাকির হোসেন, তার বড় ভাই মো. ফারুক হোসেন এবং ফারুকের স্ত্রী সাদিয়া ইসলাম আঁখি।
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, উপজেলার পাটকেলঘাটা এলাকার এক কলেজছাত্রীর সঙ্গে জাকিরের প্রায় চার বছর প্রেমের সম্পর্ক ছিল। এ সময় জাকিরের বড় ভাই ফারুক তাকে ‘অনৈতিক প্রস্তাব’ দিতেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জাকিরকে জানিয়েও প্রতিকার পাননি বলে দাবি করেন ওই ছাত্রী। পরে জাকির সম্পর্কের ইতি টানেন। এরপর ফারুক তাকে অশ্লীল ভিডিও পাঠাতেন এবং জাকিরের কাছে সংরক্ষিত তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ফারুকের স্ত্রী সাদিয়াও ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের সহযোগিতা নেন। পরে জেলা লিগ্যাল এইড অফিসের সহায়তায় ২০২৫ সালের ৪ মে সাতক্ষীরার আমলি-৬ নম্বর আদালতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করেন।
মামলাটি প্রথমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে। তদন্ত প্রতিবেদন নিয়ে ভুক্তভোগীর নারাজি আবেদনের পর আদালত অধিকতর তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দায়িত্ব দেন। তদন্ত ও ফরেনসিক পরীক্ষার পর প্রতিবেদন আদালতে দাখিল করে সিআইডি।




