পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু

নিহত ওয়ারেন্টভুক্ত আসামি মো. সোহাগ চৌধুরী (৩৫)। ছবি: সংগৃহীত
নোয়াখালীর সুবর্ণচরে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে মো. সোহাগ চৌধুরী (৩৫) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী ঈদ্রিস মিয়া বাজার ওরফে নবীর বাজার এলাকায় ঘটে এ ঘটনা।
নিহত সোহাগ চৌধুরী একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর উরিয়া গ্রামের নুর নবী চৌধুরীর ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
পুলিশের ভাষ্য, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বর থানার একটি দল সোহাগকে গ্রেপ্তারের জন্য ঈদ্রিস মিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। একপর্যায়ে পড়ে গিয়ে আহত হন। পরে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, সোহাগ চৌধুরীর বিরুদ্ধে চরজব্বর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় দণ্ডবিধির ৩৮৫, ৩২৩ ও ৫০৬(২) ধারায় অভিযোগ রয়েছে। এছাড়া ২০১৮ সালে দায়ের করা চরজব্বর থানার আরেকটি মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৩২৬, ৩৭৯, ৪২৭ ও ৩২৫ ধারাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এ বিষয়ে চরজব্বর থানার ওসি রফিকুল হাসান বলেন, ‘ওয়ারেন্টভুক্ত আসামি সোহাগ চৌধুরীকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালায়। পুলিশকে মামলার বাদীর সঙ্গে কথা বলতে দেখে তিনি দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে আহত হন। পরে তার মৃত্যু হয় বলে শুনেছি। মরদেহ নিহতের স্বজনেরা নিয়ে যায়।’






