কুমিল্লায় ১৯ ছিনতাইকারী গ্রেপ্তার, মাদক সেবনের দায়ে ৩২ জনের সাজা

কুমিল্লায় আলাদা অভিযানে ১৯ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদক সেবনের দায়ে আরও ৩২ জনের সাজা হয়। ছবি: আগামীর সময়
কুমিল্লায় আলাদা অভিযান চালিয়ে ১৯ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক সেবনের দায়ে আরও ৩২ জনকে গ্রেপ্তার করা হয়। পরে ওই ৩২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।
গত শুক্রবার গভীর রাত থেকে গতকাল শনিবার সারাদিন ব্যাপী কোতোয়ালি মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এ অভিযান পরিচালনা করে।
শনিবার রাতে কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল জানান, আইন শৃঙ্খলা রক্ষা ও মাদক বিরোধী অভিযানে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা থেকে পেশাদার ১৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। নগরের বিভিন্ন স্থানে ছিনতাইয়ের ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তিনি জানিয়েছেন, এ ছাড়াও মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ জনকে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে হাজির করা হয়। বিচারক আবিদা সুলতানা মলি তাদের প্রত্যেককে ৫ দিন করে সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো.শামসুল আলম শাহ জানান, ডিবি পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে ১৩ জন মাদকসেবীকে গ্রেপ্তার করে। তাদেরকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে হাজির করা হলে বিচারক আবিদা সুলতানা মলি তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এছাড়াও ডিবি পুলিশ পেশাদার ৫ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন তিনি। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার মো.আনিসুজ্জামান বলেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও ছিনতাই প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ তিনি এজন্য সবার সহযোগিতা কামনা করেন।




