আ. লীগ পুনর্বাসন নিয়ে বিরোধ, রংপুরে সনাতন ধর্মাবলম্বীদের দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা

ছবি: আগামীর সময়
রংপুরে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের জেলা ও মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের একটি পক্ষ। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা, হাতাহাতি ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। একপর্যায়ে সম্মেলনস্থলের মঞ্চ ভাঙচুর এবং ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। এতে পণ্ড হয়ে যায় সম্মেলন।
শনিবার দুপুরে রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের মিনি কনফারেন্স রুমে এ ঘটনা ঘটে। সম্মেলনের সভাপতি রামজীবন কুণ্ডু জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার আসামি এবং অনুষ্ঠান সঞ্চালক মহানগর আওয়ামী লীগের সদস্য— এমন অভিযোগ তুলে প্রতিবাদকারীরা সম্মেলনে বাধা দেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়েও শুরু হয় আলোচনা-সমালোচনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে সম্মেলন শুরু হয়। উদ্বোধন করেন পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুব্রত চৌধুরী। প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরুর পর সেখানে উপস্থিত হন রংপুর জেলা ও মহানগর শারদীয় দুর্গাপূজা উদ্যাপন কমিটির সভাপতি এবং মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. নিখিলেন্দু শংকর গুহ রায়। তার সঙ্গে ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের নেতা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি স্বপন ভট্টাচার্য, ক্ষত্রিয় সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লবসহ কয়েকজন। তাদের সঙ্গে মহানগর যুবদলের কিছু নেতা-কর্মীও ছিলেন।
এ সময় ডা. নিখিলেন্দু সম্মেলনের আয়োজকদের কাছে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ তুলে প্রশ্ন করেন। তিনি সম্মেলনের সভাপতি রামজীবন কুণ্ডুর নাম উল্লেখ করে বলেন, তিনি জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি এবং আওয়ামী লীগের সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের ভাগ্নিজামাই। তিনি মহানগর আওয়ামী লীগের সঙ্গেও যুক্ত বলে অভিযোগ করেন।
এ নিয়ে ডা. নিখিলেন্দুর সঙ্গে বিএনপি নেতা সামসুজ্জামান সামুর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সামু তাদের অনুষ্ঠানস্থল ছেড়ে যেতে বলেন। এতে উত্তেজনা আরও বাড়ে। পরে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে মঞ্চ ভাঙচুর, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা এবং কয়েকজনকে মারধরের ঘটনা ঘটে। সম্মেলনের সভাপতি রামজীবন কুণ্ডুসহ কয়েকজনকে মারধর করা হয়। এ সময় সামসুজ্জামান সামুও হেনস্তার শিকার হন। প্রায় ১৫ মিনিট ধরে হামলা, মারধর ও ভাঙচুর চলে। পরে সামু গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করলে সম্মেলন পণ্ড হয়ে যায়।
ঘটনার প্রায় এক ঘণ্টা পর আবার সম্মেলনস্থলে যান সামসুজ্জামান সামু। পরে সেখানে ক্রীড়াবিষয়ক বিভিন্ন সভায় অংশ নেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম লেলিন। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নও পরে সেখানে উপস্থিত হন।
সম্মেলনে বাধা দিতে যাওয়ার বিষয়ে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক পরিতোষ চক্রবর্তীর মেয়ে সোমা চক্রবর্তী বলেন, তার বাবা বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এবং জেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক সংসদ সদস্য। কিন্তু জেলা ও মহানগর পূজা উদ্যাপন পরিষদের সম্মেলনে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্দেশ্যেই কমিটি গঠনের আয়োজন করা হয়েছিল বলে তারা মনে করেন। এ কারণেই সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবাদ জানিয়েছেন।



