কাপাসিয়ায় ১,২৫০ লিটার পেট্রোল-অকটেন জব্দ, আটক ২

জব্দ করা পিকআপটিতে ছয়টি ড্রামে মোট ১ হাজার ২৫০ লিটার পেট্রোল ও অকটেন ছিল। ছবিঃ আগামীর সময়
গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজার এলাকায় নম্বরপ্লেটবিহীন একটি পিকআপ থেকে ১ হাজার ২৫০ লিটার পেট্রোল ও অকটেন জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় পিকআপে থাকা দুজনকে আটক করা হয়েছে।
আজ রবিবার সন্ধ্যায় আমরাইদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বৈশাখী ফিলিং স্টেশন থেকে পেট্রোল ও অকটেন নিয়ে পিকআপটি কাপাসিয়ার বিভিন্ন এলাকায় খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। পথে আমরাইদ বাজার এলাকায় পিকআপটি আটক করা হয়। পরে খবর পেয়ে কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান ঘটনাস্থলে যান। তিনি জ্বালানি তেলসহ পিকআপটি জব্দ করেন এবং দুজনকে আটক করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, পিকআপটিতে ছয়টি ড্রামে মোট ১ হাজার ২৫০ লিটার পেট্রোল ও অকটেন ছিল। নম্বরপ্লেটবিহীন পিকআপটিতে জ্বালানি তেল পরিবহনের বৈধ কাগজপত্র ছিল কি না, তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি জ্বালানি তেল পরিবহনের উদ্দেশ্য সম্পর্কেও খোঁজ নেওয়া হচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান জানিয়েছেন, জব্দ করা জ্বালানি তেল ও পিকআপটি থানায় নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় জ্বালানি তেলের উৎস, পরিবহনের বৈধতা এবং খোলাবাজারে বিক্রির উদ্দেশ্য খতিয়ে দেখছে প্রশাসন।



